Print

সারাদিন

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ

প্রকাশিত: ৭:২১ অপরাহন, জুলই ২২, ২০২৫

সারাদিন ডেস্ক

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিচয়পত্রে (আইডি কার্ড) অভিভাবকের ফোন নম্বর এবং রক্তের গ্রুপ যুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা সচিবকে এই নির্দেশনা অবিলম্বে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়াও, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারকে ৭ দিনের মধ্যে এই কমিটি গঠন করতে বলা হয়েছে।

হাইকোর্টের আদেশে আরও বলা হয়েছে— আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করতে হবে। নিহত শিক্ষার্থীদের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে রুল জারি করা হয়েছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকাসহ জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে রুল জারি করা হয়েছে।

এ বিষয়ে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির প্রমুখ।

উল্লেখ্য, এই রিট আবেদনটি জনস্বার্থে দায়ের করেন আইনজীবী আনিসুর রহমান রায়হান বিশ্বাস। এতে দেশের জনবহুল এলাকায় যুদ্ধবিমান ও ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়ন বন্ধ এবং বিমান রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পর্কে সরকারের কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়।

Nagad
Nagad