প্রকাশিত: ৮:১৭ অপরাহন, জুলই ২২, ২০২৫
সারাদিন ডেস্ক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আজীবন থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, শিশু হারানো পরিবারের এবং ঝলসে যাওয়ারা যতদিন বেঁচে থাকবে ততদিন রাষ্ট্রকে তাদের পাশে থাকতে হবে। মানুষের চোখ নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। জানি না এর জন্য কারা দায়ী, সেটা সরকার খুঁজে বের করবে। আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায়, সেই ব্যবস্থা গ্রহণের আহ্বান রইল।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের আয়োজিত রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘যদি সবার মধ্যে দায়িত্ববোধ থাকত, অবহেলা না থাকত—তাহলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। একটি যুদ্ধবিমান কীভাবে ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ দেয়, সেটাও খতিয়ে দেখা জরুরি।’
সরকারের প্রতি প্রশ্ন রেখে রিজভী আরও বলেন, ‘বিমানে কোনো ত্রুটি ছিল কি না, সেটি কত পুরনো, কেন অনুমতি দেওয়া হলো—এসব প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। অন্তর্বর্তী সরকারের উচিত একটি উচ্চপর্যায়ের তদন্ত টিম গঠন করে প্রকৃত কারণ উদঘাটন করা।’
তিনি সতর্ক করেন, ‘পরিকল্পিত কিছু ঘটনাকে যেন দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া না হয়। আমরা চাই না কোনো শিশুর স্বপ্ন অকালে ঝরে পড়ুক।’ রিজভী বলেন, ‘যেসব শিশুরা আহত হয়েছে, ঝলসে গেছে—তাদের চিকিৎসা, পুনর্বাসন ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই প্রশ্ন আজ সারাদেশের মানুষের মনে।’
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।