প্রকাশিত: ১০:৩৮ অপরাহন, জুলই ২৩, ২০২৫
সারাদিন ডেস্ক
সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা ১,২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেন।
মামলাটি দায়ের করেছেন বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক (এসআই) গোলাম মুক্তি মাহমুদ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে তিনি রাজধানীর রমনা থানায় এজাহারটি দাখিল করেন। এতে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতিকারীদের আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এইচএসসি পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করে। শুরুতে তারা শিক্ষাবোর্ড ও শিক্ষাভবনের দিকে অগ্রসর হলেও পরে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।
সেই সময় শিক্ষার্থীরা গেটে হামলা চালায়, ভাঙচুর করে গাড়ি এবং সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে। অভিযোগে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং লাঠিচার্জ চালায়। এ সময় দুই ঘণ্টার বেশি সময় ধরে সচিবালয় এলাকা উত্তপ্ত থাকে।
এ ঘটনায় পুলিশ ও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে, ছাত্রদের দাবি ছিল, দুর্ঘটনায় এত প্রাণহানির পরও পরীক্ষা পেছানো হয়নি এবং কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন আচরণ স্পষ্ট।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে পুলিশ বলছে, তদন্তের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।