প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্, জুলই ২৪, ২০২৫
সারাদিন ডেস্ক
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, ‘সকাল ৮টার কিছু পর আমরা তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করি। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে।’
২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এবিএম খায়রুল হক। পরবর্তী বছর ১৭ মে, ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসরে যান। সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। তারা অভিযোগ করেন, বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসে খায়রুল হক মূল ভূমিকা রেখেছেন।
তার সময়কালে দেওয়া একাধিক রায় ও সিদ্ধান্ত রাজনৈতিক ও বিচারিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি করে। আলোচিত রায়গুলোর মধ্যে রয়েছে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা, যা দেশে রাজনৈতিক অস্থিরতার পথ তৈরি করে। এছাড়া, জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ না বলা এবং খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসভবন থেকে উচ্ছেদসহ নানা সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।
খায়রুল হকের বিরুদ্ধে ইতোমধ্যেই একাধিক মামলা হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৮ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান তার বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে জালিয়াতির অভিযোগে মামলা করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের শেষদিকে তিনি আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি পদত্যাগ করেন। এরপর থেকে তিনি প্রকাশ্যে আসেননি।