প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্, জুলই ২৪, ২০২৫
সারাদিন ডেস্ক
জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে নিজ বাসভবনে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ২টা ২৬ মিনিটে বাসার উদ্দেশে রওনা দিয়ে রাত ২টা ৫২ মিনিটে গুলশানের বাসায় পৌঁছান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, ম্যাডামের মেডিকেল বোর্ডের পরামর্শে জরুরি কিছু পরীক্ষার প্রয়োজন ছিল। সে অনুযায়ী হাসপাতালে নেওয়া হয়েছিল এবং পরীক্ষাগুলো শেষ করে তিনি আবার বাসায় ফিরে গেছেন।
এর আগে গত ৬ মে যুক্তরাজ্য থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর এভারকেয়ার হাসপাতালে এটি ছিল তার দ্বিতীয় চেকআপ। লন্ডনে অবস্থানকালে ‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসা নেন খালেদা জিয়া। পরে তারেক রহমানের লন্ডনের বাসভবনে অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন।
ঢাকায় ফেরার পর থেকেই তিনি গুলশানের বাসায় অবস্থান করছেন এবং এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
প্রায় ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।