Print

সারাদিন

রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, ৪৯ আরোহীর সবাই নিহত

প্রকাশিত: ২:৫১ অপরাহন, জুলই ২৪, ২০২৫

সারাদিন ডেস্ক

রাশিয়ার পূর্বাঞ্চলে একটি অভ্যন্তরীণ ফ্লাইট বিধ্বস্ত হয়ে ৪৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

রুশ সংবাদমাধ্যম তাস ও ইন্টারফ্যাক্স জানায়, দুর্ঘটনার কিছুক্ষণ পর বিধ্বস্ত উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে এবং তাতে থাকা কেউই জীবিত নেই।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ‘অ্যান-২৪’ মডেলের উড়োজাহাজটি সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইনস পরিচালনা করছিল। এটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের দিকে যাচ্ছিল। পথিমধ্যেই এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, উড়োজাহাজটি বাজে আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। পরে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত উড়োজাহাজের অবস্থান শনাক্ত করে এবং বনের ভেতর ধ্বংসাবশেষ দেখতে পায়।

প্রায় ৫০ বছর পুরনো সোভিয়েত আমলের তৈরি এই উড়োজাহাজে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন বলে জানিয়েছেন আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে উড়োজাহাজে থাকা আরোহীর সংখ্যা ৪০ থেকে ৪৯ জনের মধ্যে বলে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।

Nagad
Nagad