প্রকাশিত: ৩:৪৯ অপরাহন, জুলই ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জাতি এখন তার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির লিখেছেন, এবিএম খায়রুল হক ফ্যাসিস্ট আমলে প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। নাহ, কোনোমতেই তিনি তার দায়িত্বের মর্যাদা উপলব্ধি করেননি এবং আমানত রক্ষা করেননি।
তিনি আরও লিখেছেন, এই মর্যাদাপূর্ণ চেয়ারে বসে ইতোপূর্বে কেউ দেশ ও জাতির এত বড় ক্ষতি করেনি। তার হঠকারী রায়ের মাধ্যমে রাজনৈতিক মাফিয়াদের হাতে গুম, খুন, লুণ্ঠনসহ সব অপকর্মের লাইসেন্স ও হাতিয়ার তুলে দেওয়া হয়েছিল।
ডা. শফিকুর রহমান লিখেছেন, তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেরিতে হলেও পাকড়াও করেছে। জাতি এখন তার সুষ্ঠু বিচার এবং ন্যায্য শাস্তি দেখতে চায়। তার ক্ষেত্রে আমরা শুধু ন্যায়বিচারই প্রত্যাশা করি। ন্যায়বিচারেই তিনি ইতিহাসের শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত হবেন-এই আশাই রাখি।
এর আগে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
প্রসঙ্গত, ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এবিএম খায়রুল হক। অবসরে যাওয়ার কয়েকদিন আগে ত্রয়োদশ সংশোধনী রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক ও সংঘাতের জন্ম দেয়।
তার বিরুদ্ধে ইতোমধ্যেই সংবিধান সংশোধন, রায় জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তিনি আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি পদত্যাগ করেন ও আত্মগোপনে চলে যান।