Print

সারাদিন

মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ টেস্টে শনাক্ত ৫ মরদেহের পরিচয়

প্রকাশিত: ৫:৩৬ অপরাহন, জুলই ২৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বিকৃত হয়ে যাওয়া পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ডিএনএ টেস্টের মাধ্যমে এসব মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। তিনি বলেন, ‘মোট ১১টি ডিএনএ নমুনা বিশ্লেষণ করে পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার শম্পা ইয়াসমিন বলেন, ‘সম্মিলিত সামরিক হাসপাতালে থাকা মরদেহ ও দেহাবশেষ থেকে ১১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। বিপরীতে এখন পর্যন্ত ১১ জন স্বজন ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। এদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্যও রয়েছেন।’

এ ঘটনায় নিখোঁজদের পরিবারের সদস্যদের দ্রুত ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। বুধবার সরকারি তথ্য বিবরণীতে মালিবাগের সিআইডি অফিসে গিয়ে নমুনা দিতে অনুরোধ জানানো হয়।