Print

সারাদিন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮০ জন

প্রকাশিত: ৬:৫২ অপরাহন, জুলই ২৪, ২০২৫

সারাদিন ডেস্ক

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৮০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন বিভাগে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৬৬ জন বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে)। এরপর ঢাকা মহানগরে ৫৪ জন, চট্টগ্রামে ৪৫ জন, ঢাকা বিভাগে (ঢাকা মহানগর বাদে) ৪৪ জন, রাজশাহীতে ৩৯ জন, খুলনায় ২৫ জন, রংপুরে ৪ জন ও ময়মনসিংহে ভর্তি হয়েছেন তিনজন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ হাজার ৬২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ৭০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৩৩ জন নারী।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকাল এবং এডিস মশার প্রজননকাল হওয়ায় ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। তারা সবাইকে সচেতন থাকার পাশাপাশি বাসা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন।

Nagad
Nagad