Print

সারাদিন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই শেখ হীরা গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৫৯ অপরাহন, জুলই ২৪, ২০২৫

সারাদিন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই ও আওয়ামী লীগ নেতা শেখ অলিদুর রহমান হীরাকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি একাধিক মামলা, যার মধ্যে রয়েছে হত্যা মামলা, সেইসব মামলার পলাতক আসামি।

র‍্যাব-১ এর একটি দল বুধবার (২৩জুলাই) রাতে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শেখ হীরা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। তিনি শেখ হাসিনার চাচাতো মামা শেখ আকরাম হোসেনের ছেলে।

র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় সরাসরি জড়িত ছিলেন শেখ হীরা। তার নির্দেশেই ঢাকার কোতোয়ালি, রামপুরা, যাত্রাবাড়ী ও উত্তরাসহ খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মিছিলে হামলা চালানো হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের একাধিক থানায় এবং খুলনা ও গোপালগঞ্জে একাধিক মামলা দায়ের হয়। মামলা হওয়ার পর তিনি বারবার অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানান, র‍্যাব শেখ হীরাকে থানায় হস্তান্তর করেছে। বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

Nagad
Nagad