Print

সারাদিন

সাত কলেজের ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ আগস্টে অনুষ্ঠিত হবে

প্রকাশিত: ৭:২৪ অপরাহন, জুলই ২৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সাত সরকারি কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। এর আগে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই এ কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ভর্তি পরীক্ষা নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সাত কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২২ আগস্ট বিকেল ও ২৩ আগস্ট সকালে দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে।

তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার কারিগরি সহযোগিতা করবে বুয়েট। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী শনিবার (২৬ জুলাই) ভর্তি কমিটির আরেকটি সভা অনুষ্ঠিত হবে, এরপর দ্রুতই ভর্তি বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশ করা হবে।

গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা সাত কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বা সমকক্ষ একটি স্বতন্ত্র কাঠামোর অধীনে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

সাতটি সরকারি কলেজ হলো; ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

Nagad
Nagad