প্রকাশিত: ৮:২৭ অপরাহন, জুলই ২৪, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক:
বাংলাদেশ কারও ওপর অতিনির্ভরশীল হতে চায় না, বরং সবার সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখতে চায়-এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, কোনো দেশের সাথেই বাংলাদেশের সম্পর্ক খারাপ নয়। ভারতের সঙ্গেও সম্পর্ক ভালো রয়েছে, তবে তা পারস্পরিক শ্রদ্ধার জায়গা থেকেই বজায় রাখা হচ্ছে।
ভারত থেকে চিকিৎসক আসার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাইলস্টোনের বিমান দুর্ঘটনার পর বিভিন্ন দেশ সহায়তার আগ্রহ জানায়, ভারত তাদের অন্যতম। বার্ন ইউনিটের তথ্য অনুযায়ী আমরা তাদের জানাই, সেই পরিপ্রেক্ষিতেই দুইজন ডাক্তার ও দুইজন নার্স এসেছেন। তারা চিকিৎসা দিচ্ছেন। এটি সম্পর্কের শীতলতা বোঝায় না।
জাতিসংঘের মানবাধিকার মিশন নিয়েও কথা বলেন তিনি। তৌহিদ হোসেন জানান, এটি দুই বছর পর রিভিউ হবে এবং প্রয়োজনে সরিয়েও দেওয়া যেতে পারে। আমরা সময় নিয়ে নিজের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছি। সরকার বিশ্বাস করে, এটি দেশের স্বার্থের পক্ষে যাবে।
পররাষ্ট্র উপদেষ্টা দৃঢ়ভাবে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিষ্কার—সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়।
উপদেষ্টা বলেন, মিথ্যা তথ্য একটা প্রধান সমস্যা আমাদের। এটা এখনো আগের মতো চালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা সহজে ধরা পড়ে যায়। এ কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের ঘর ঘোচাতে হবে। এ ধরনের অপরাধমূলক কার্যক্রম যেন না হয় সেটা দেখতে হবে। তাহলে ধীরে ধীরে আমরা এটা ঠিক করে নিয়ে আসতে পারব।