Print

সারাদিন

গত ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত: ৮:৪৬ অপরাহন, জুলই ২৪, ২০২৫

সারাদিন ডেস্ক

চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আগে গত ১৫ বছরে ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সন্ত্রাসীদের হাতে ও রাষ্ট্রীয় বাহিনীর অভিযানে যারা নিহত হয়েছেন, তাদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ নির্দেশ দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনাটি পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। এ ঘটনার সুষ্ঠু বিচার সম্পন্ন হবেই। চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে দলীয় সন্ত্রাসে নিহতদের প্রতিটি ঘটনার তদন্ত হবে। রাষ্ট্রীয় বাহিনীর অপব্যবহার নিয়েও তদন্তকাজ চলছে।

বৈঠকে উপস্থিত ছিলেন আবরারের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন।

আবরারের বাবা বলেন, দেশের স্বার্থে কথা বলার কারণে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আজো তার মা কান্না করেন। আর কোনো মা যেন সন্তান হারানোর কষ্ট না পায়।” তিনি কুষ্টিয়ার গড়াই নদীর ওপর সেতু নির্মাণের দাবি প্রধান উপদেষ্টার কাছে পুনর্ব্যক্ত করেন।

ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও শিক্ষার্থীবান্ধব নয়। ল্যাব, সরঞ্জামের সংকট রয়েছে। সরকার যেন এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেয়।” র‍্যাগিং বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।

Nagad
Nagad