প্রকাশিত: ৯:০৩ অপরাহন, জুলই ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এখন থেকে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা নিজ যোগ্যতায় নির্বাচিত হবেন। এতে দলীয় প্রভাব কমবে এবং স্থানীয় সরকার ব্যবস্থায় গুণগত পরিবর্তন আসবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশনসহ দলগুলো স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের দাবি করে আসছিল। এর পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে স্থানীয় সরকারে ইতিবাচক পরিবর্তন আসবে। এ সময় রাজনৈতিক দলগুলো চাইলে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় পর্যায়ে ভোট হতে পারে।
তিনি আরও বলেন, বিগত সময়ে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় সরকারি দলের মার্কা বিশেষ সুবিধা পেয়েছে। অনেক জায়গায় মার্কার জোড়ে অনেকে জিতেছে। এছাড়া, নির্বাচনে এটিকে কেন্দ্র করে অনেকে হানাহানিও হয়েছে। এখন দলীয় প্রতীক না থাকায় যোগ্য প্রার্থীরা জয়ী হবে।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, বহু বছর ধরে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক ছাড়া হয়ে আসছিল। কিন্তু বিগত সরকারের আমলে দলীয়করণের ফলে তা হানাহানিতে রূপ নেয়। এখন আবার সেই স্বাভাবিক অবস্থায় ফিরছে দেশ।
উল্লেখ্য, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করে, যা তখন থেকেই বিভিন্ন মহলে বিতর্কের জন্ম দেয়।