প্রকাশিত: ৯:১৪ অপরাহন, জুলই ২৪, ২০২৫
সারাদিন ডেস্ক
জাতীয় সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) পৌর মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনে জীবন দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আলেম সমাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেই ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন বঞ্চিত ছিল। গ্যাসের বেশির ভাগ এই ব্রাহ্মণবাড়িয়ায় উৎপাদন হলেও এখানকার মানুষ গ্যাস পায় না। উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়। প্রত্যেক জেলায় সুষম উন্নয়ন করতে হবে।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়াবাসী জীবন দিয়েছে, কিন্তু আপস করেনি। আগামী দিনের সব গণতান্ত্রিক আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে এনসিপির পাশে থাকারও আহ্বান জানান তিনি।
সভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শুধু মুখের কথা নয়, জীবন দিয়ে আমরা পরিবর্তন চাই। হেফাজতের আন্দোলনে শহীদদের বিচার এখনও হয়নি, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। ফ্যাসিবাদবিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে নির্বাচনের পথে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে জালেমের শাসনের পতন হয়েছে। প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে আর হবে না।
এর আগে শহীদ পরিবারের সঙ্গে দেখা করে এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পদযাত্রা শেষে দলীয় নেতারা হবিগঞ্জের উদ্দেশে যাত্রা করেন।