প্রকাশিত: ৮:৩৫ অপরাহন, জুলই ২৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে এখনও ৫ জনের অবস্থা সংকটাপন্ন। তারা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তবে শারীরিক উন্নতি হওয়ায় আগামীকাল শনিবার ৪–৫ জনকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
তিনি বলেন, মাইলস্টোনের ঘটনায় আজ আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বর্তমানে ৪০ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৫ জন সংকটাপন্ন, ১০ জন সিপিআর ক্যাটাগরিতে, ১০ জন পোস্ট অপারেটিভ অবস্থায় এবং ১৫ জন ক্যাবিনে রয়েছেন।
তিনি আরও জানান, যেসব রোগী লাইফ সাপোর্টে ছিলেন, তাদের মধ্যে দুজন কিছুটা উন্নতি করেছেন। যাদের কেউ কেউ নিজে শ্বাস নিতে পারছেন।
ডা. নাসির আরও বলেন, আজ সিঙ্গাপুর, চীন ও ভারতের চিকিৎসকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে। তারা রোগীদের দেখেছেন এবং চিকিৎসা পরামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত, গত ২১ জুলাই সোমবার বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে।