প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্, জুলই ২৬, ২০২৫
সারাদিন ডেস্ক
ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধে গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকটে দুর্ভিক্ষে দিন কাটাচ্ছে ফিলিস্তিনিরা। মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপুষ্টিজনিত কারণে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অনাহারে মারা গেছে ১২২ জন, যাদের মধ্যে অন্তত ৮৩ জন শিশু।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দ্রুত সব সীমান্ত ক্রসিং খুলে দিয়ে প্রতিদিন অন্তত ৫০০টি ত্রাণ ট্রাক ও ৫০টি জ্বালানি ট্রাক প্রবেশ নিশ্চিত করতে হবে।” এছাড়া শিশুদের জন্য বিশেষ ফর্মুলা খাবারও পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সকে এই “গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের” জন্য দায়ী করেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের হাসপাতালে শনিবার ভোরে অপুষ্টিজনিত জটিলতায় ছয় মাস বয়সী এক শিশু মারা যায়।
জাতিসংঘ ইতোমধ্যে সতর্ক করেছে, এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে।