Print

সারাদিন

‘কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই, আগে ১ লাখ টাকা চাঁদা নিলেও এখন নিচ্ছে ৫ লাখ’

প্রকাশিত: ১:০৫ অপরাহন, জুলই ২৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

দেশের কোথাও কোনো নিয়ন্ত্রণ বা সুশাসন নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগে যে ব্যবসায়ীকে ১ লাখ টাকা চাঁদা দিতে হতো, এখন তাকে ৫ লাখ টাকা চাঁদা দিতে হচ্ছে। পুলিশেও কোনো ধরনের ইতিবাচক পরিবর্তন আসেনি।

তিনি বলেন, পুলিশের কোন পরিবর্তনই হয়নি। বরং তারা আরও সুযোগ নিচ্ছে। তারা একবার বলছে সোনাবাহিনীর কাছে যাও, আরেকবার বলে কোর্টে যাও। এভাবেই পুলিশ তাদের দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘গেলো ১৫ বছরে দেশের মানুষের সব স্বপ্নকে গলাটিপে হত্যা করা হয়েছে। অর্থনীতি, গণতন্ত্র ও রাজনীতির কাঠামো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। জবাবদিহিতার অভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘যৌক্তিক কারণে নির্বাচন চায় বিএনপি। অর্থনীতি ও রাজনৈতিক ক্ষেত্রে জিয়াউর রহমান বড় পরিবর্তন নিয়ে এসেছেন, যা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।’

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ প্রকাশ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বইয়ের লেখক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

Nagad
Nagad

মির্জা ফখরুল বলেন, রাতারাতি সংস্কার সম্ভব নয়, এজন্য সময় লাগবে। তবে গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকলে চলবে না। কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া সমাধান নয়। সময়ক্ষেপণ না করে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে কাঠামোগত সংস্কার করতে হবে। রাজনৈতিক দলগুলোকেও জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে অর্থনীতি ও শাসনব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর সংস্কার জরুরি। পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা ও গণতন্ত্রের চর্চা ছাড়া জনজীবনের সমস্যার সমাধান সম্ভব নয়।