Print

সারাদিন

খাগড়াছড়িতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৪

প্রকাশিত: ১:৫১ অপরাহন, জুলই ২৬, ২০২৫

বান্দরবান সংবাদদাতা:

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম নাড়াইছড়ি এলাকায় দুই পার্বত্য গ্রুপের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতরা প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস লিবারেশন আর্মি’র সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইউপিডিএফ দলের সশস্ত্র কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে প্রায় ৪০-৪৫ জনের একটি দল এবং জেএসএস (সন্তু লারমা) দলের সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল ওই এলাকায় মুখোমুখি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ভয়াবহ গোলাগুলি হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া গণমাধ্যমকে জানান, জোড়া সিন্ধু কারবারিপাড়ায় গোলাগুলির খবর পেয়েছি। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়ভাবে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার কারণে ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে ইউপিডিএফ এবং জেএসএস এর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে। মাঝেমধ্যেই দুই দলের মধ্যে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে।

Nagad
Nagad