প্রকাশিত: ৫:১৬ অপরাহন, জুলই ২৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখনো চারজন রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের সর্বশেষ অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন।
তিনি বলেন, আজ আমরা দুজন শিশুকে ছেড়ে দিতে পেরেছি। তবে চারজন রোগীর অবস্থা এখনও ক্রিটিক্যাল। তাদের মধ্যে একজন ভেন্টিলেশনে আছেন। আইসিইউতে চিকিৎসাধীন চারজনই আশঙ্কাজনক অবস্থায় আছেন। এছাড়াও নয়জন সিভিয়ার রোগী আছেন, যাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ দগ্ধ ও আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনা নিয়ে জনমনে ব্যাপক উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে।