Print

সারাদিন

বরিশালে পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত: ৫:৪১ অপরাহন, জুলই ২৬, ২০২৫

সারাদিন ডেস্ক

পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে বরিশাল বিভাগের পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। একইসঙ্গে বাড়ছে অন্যান্য নদ-নদীর পানির উচ্চতাও। টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল ১ থেকে ৩ ফুট উচ্চতায় প্লাবিত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টিপাত আরও দুইদিন অব্যাহত থাকতে পারে।

শনিবার (২৬ জুলাই) পানি উন্নয়ন বোর্ড বরিশাল ও স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

পানি উন্নয়ন বোর্ডের বরিশাল জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানান,দক্ষিণাঞ্চলের ১৯টি গুরুত্বপূর্ণ গেজ স্টেশনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এর মধ্যে পাঁচটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বাকি ১৪টি পয়েন্টেও পানি স্বাভাবিকের তুলনায় বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

বিপৎসীমার ওপরে যেসব নদীর পানি প্রবাহিত হচ্ছে ঝালকাঠির বিষখালী নদী: ১৬ সেন্টিমিটার ওপরে, ভোলার সুরমা ও মেঘনা নদী (তজুমদ্দিন পয়েন্ট): ১.১২ সেন্টিমিটার ওপরে, ভোলার মেঘনা নদী (দৌলতখান পয়েন্ট): ৫০ সেন্টিমিটার ওপরে, পিরোজপুরের কচা নদী (উমেদপুর পয়েন্ট): ১ সেন্টিমিটার ওপরে, পিরোজপুরের বলেশ্বর নদী: ২৫ সেন্টিমিটার ওপরে।

পানি বৃদ্ধির ফলে উপকূলীয় বসতবাড়ি, কৃষিজমি এবং রাস্তাঘাটে পানি প্রবেশ করেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এতে তেমন কোনো ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই।

আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মিলন হাওলাদার বলেন, বরিশাল ও চট্টগ্রাম উপকূলে নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এর ফলে চরাঞ্চলে ১ থেকে ৩ ফুট উচ্চতায় পানি উঠতে পারে।

Nagad
Nagad

এছাড়াও সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি ও পানির চাপ কমতে শুরু করলে নদীভাঙনের ঝুঁকি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।