Print

সারাদিন

মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৭:০০ অপরাহন, জুলই ২৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে ফজলে রাব্বী সুমন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ১ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমনের বাড়ি ভোলার বড়নদী থানার পোখিয়া গ্রামে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় ভাড়া থেকে একটি হার্ডবোর্ড দোকানে কাজ করতেন। নিহতের বাবা বশির উদ্দিন জানান, সুমন সকালে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে এ হামলার শিকার হন।

মোহাম্মদপুর থানার রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল আলম জানান, সুমন রায়েরবাজার কবরস্থানের সামনে বসে ছিলেন। এ সময় মুন্না নামে এক ব্যক্তি তার সঙ্গীদের নিয়ে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পূর্ব শত্রুতার জেরেই এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি নিহত সুমনের নামে আগের কোনো মামলা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের পরিবার তার এক ছেলে ও এক মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

Nagad
Nagad