Print

সারাদিন

শহিদ পরিবারকে চাকরি ও পুনর্বাসনের আহ্বান জামায়াত আমিরের

প্রকাশিত: ৭:১১ অপরাহন, জুলই ২৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারের সদস্যদের উপযুক্ত বিবেচনায় পুনর্বাসন ও চাকরির সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে “জুলাই বিপ্লবে বীর শহিদদের” সম্মানে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জুলাই-২৪ শহিদ পরিবার সোসাইটি এবং ন্যাশনাল ইয়ুথ অ্যালায়েন্স বাংলাদেশ।

ডা. শফিকুর রহমান বলেন, শহিদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার বিষয়টি কোনো কোটা নয়। কোটা হচ্ছে চিরকাল কিছু পরিবারকে দিয়ে দেওয়া সুবিধা। শহিদ পরিবারগুলো কোনো সুবিধা চায়নি, তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, জুলাই আন্দোলনে শহিদদের ৭০ শতাংশই ছিলেন নিম্ন আয়ের মানুষ। তারা দ্বিধা না করে দেশের জন্য জীবন দিয়েছেন। এখন সময় এসেছে জাতি ও সরকারকে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর। শহিদ পরিবারের সদস্যরা কারও কাছে ভিক্ষা চান না, তারা সম্মানের সঙ্গে বাঁচতে চান।

এ সময় তিনি শহিদ পরিবারের সদস্যদের সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

Nagad
Nagad