প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৫
সারাদিন ডেস্ক
এশিয়া কাপ ২০২৫ নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটল। আজ শনিবার (২৬ জুলাই) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহনিস নাকভি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন এবারের টুর্নামেন্টের ভেন্যু ও সূচি। তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া পোস্টে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের।
প্রথমে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে আমিরাত। এর আগে ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ গুরুত্বপূর্ণ সদস্যরা অংশ নেন। ওই সভার পরপরই এসিসি সভাপতি জানিয়েছিলেন, শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
নাকভি তার পোস্টে লিখেছেন, আমি আনন্দের সঙ্গে নিশ্চিত করছি যে, পুরুষদের এশিয়া কাপ ২০২৫ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনীর অপেক্ষায় রয়েছি! বিস্তারিত সূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।
এবারের আসরে অংশ নেবে মোট ৮টি দল। আইসিসির পূর্ণ সদস্য ৫টি দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পাশাপাশি অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।