Print

সারাদিন

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্, জুলই ২৭, ২০২৫

সারাদিন ডেস্ক

তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং দ্বিরাষ্ট্রভিত্তিক টেকসই রাজনৈতিক সমাধান নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি।

রোববার (২৭ জুলাই) সকালে ঢাকা ত্যাগ করেন পররাষ্ট্র উপদেষ্টা—এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত একটি প্রস্তাবের আলোকে সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে ফ্রান্স ও সৌদি আরব। ২৮ ও ২৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সম্মেলনে তিনি গাজা পরিস্থিতির প্রেক্ষাপটে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করবেন এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও আত্মনিয়ন্ত্রণের পক্ষে বাংলাদেশের অবিচল অবস্থান তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পররাষ্ট্র উপদেষ্টা সম্মেলনে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও সংশ্লিষ্ট প্রস্তাবসমূহে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য একটি সময়সীমাবদ্ধ ও বাস্তবসম্মত রোডম্যাপের পক্ষে মত প্রকাশ করবেন।

বিশ্লেষকদের মতে, গাজা সংকট ঘিরে এই সম্মেলনকে আন্তর্জাতিক সমন্বিত পদক্ষেপ নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে। এতে মানবিক সহায়তা নিশ্চিতকরণ, প্রশাসনিক কাঠামোর পুনর্গঠন এবং ফিলিস্তিন রাষ্ট্রকে আন্তর্জাতিক স্বীকৃতির পথ সুগম হবে বলেও মনে করছেন তারা।

Nagad
Nagad

উল্লেখ্য, বাংলাদেশ শুরু থেকেই ফিলিস্তিনের স্বাধীনতা ও অধিকার প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গনে সরব ভূমিকা রেখে আসছে। ১৯৮৮ সালে ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করার পর বাংলাদেশ প্রথম দিকেই এর স্বীকৃতি প্রদান করে। তিন দিনব্যাপী এই সফর শেষে আগামী শুক্রবার (১ আগস্ট) দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের।