Print

সারাদিন

সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপির বাসায় চাঁদা দাবি, আটক ৫, মামলা দায়ের

প্রকাশিত: ৩:৪৬ অপরাহন, জুলই ২৭, ২০২৫

সারাদিন ডেস্ক

রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবি করার অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে গুলশান থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে অভিযুক্তরা বাসায় গিয়ে স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করলে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে।

গুলশান থানার দায়িত্বরত কর্মকর্তা আঞ্জুমান আরা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের মামলার তদন্ত চলমান রয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্তরা নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয়ে শাম্মী আহমেদের স্বামীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। অভিযোগে বলা হয়, এর আগেও তারা একই বাসায় গিয়ে ১০ লাখ টাকা আদায় করে নিয়ে যায়।

আটকদের মধ্যে চারজন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামের একটি সংগঠনের সঙ্গে জড়িত। তারা হলেন—ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন ও সাদাব, এবং কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। এছাড়াও আমিনুল ইসলাম নামে আরও একজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় সাবেক এমপির স্বামী বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেছেন।

Nagad
Nagad