Print

সারাদিন

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ৫:১৩ অপরাহন, জুলই ২৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, পত্রিকাটির প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার-এর প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, সিআইডি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর গত ২ জুন তা আমলে নেওয়া হয়। আজ অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হলেও তারা অনুপস্থিত ছিলেন। এর পর বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ২৮ আগস্ট মামলার গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

মামলা অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘নুসরাতকে দিয়ে বিচ্ছু সামশু সিন্ডিকেটের ফের ষড়যন্ত্রমূলক মামলা’ শিরোনামে সংবাদ প্রকাশিত করা হয়। খবরটি অনলাইনেও প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়, ‘নুসরাতের আইনজীবী হলেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। একুশে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে ব্যারিস্টার এম সারোয়ারের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি রাষ্ট্রবিরোধী গুজব ও অপপ্রচারকারী চক্রের অন্যতম হোতা। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার একাধিক মামলা রয়েছে। মুনিয়া ইস্যু নিয়ে তারা এর আগেও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছিলেন।’

এছাড়াও আসামিরা ব্যারিস্টার সরোয়ারকে একুশে আগস্ট গ্রেনেড হামলার হোতা হিসেবে উল্লেখ করে সেসব তথ্য ফেসবুকে ছড়িয়ে দেন৷ মামলায় সারোয়ার বলেছেন, তিনি নুসরাতের আইনজীবী নন। নুসরাতের মামলার নারাজি আবেদনের শুনানিতে অংশ নিয়েছিলেন।

এর আগে গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ইনসাইডার পত্রিকায় ‘কে এই সারোয়ার’ শিরোনামে সংবাদ প্রকাশের কথাও মামলায় উল্লেখ করা হয়। পাশাপাশি সারোয়ার বলেন, ফেসবুক পেজ ভাইরাল প্রতিদিনে তাকে নিয়ে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে লেখা হচ্ছে।

Nagad
Nagad