Print

সারাদিন

এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী, দলগুলোর ঐকমত্য

প্রকাশিত: ৫:২৬ অপরাহন, জুলই ২৭, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

এক ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন—এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো। পাশাপাশি, পুলিশের পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের বিষয়েও একমত হয়েছে তারা।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের সংলাপের ১৯তম দিনে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ এই তথ্য জানান। সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও অন্যান্য মিলিয়ে ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। আওয়ামী লীগ ও তার মিত্র জোটের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

আলী রীয়াজ জানান, দলগুলোর প্রস্তাবে সংবিধানে প্রধানমন্ত্রী হওয়ার মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণের প্রস্তাব যুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ১০ বছরের বেশি কোনো ব্যক্তি যেন প্রধানমন্ত্রী না থাকতে পারেন, আমরা সেই প্রস্তাবেই একমত। এটি আমরা আগেই দিয়েছিলাম। এখন এটি সনদে অন্তর্ভুক্ত করা হোক।

অন্যদিকে, স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব নিয়ে আলোচনার সময় সব দল একমত হয় যে, এই কমিশন পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

কমিশনের খসড়া প্রস্তাবে বলা হয়েছে, একটি পূর্ণকালীন স্বাধীন পুলিশ কমিশন গঠিত হবে, যার নেতৃত্বে থাকবেন একজন অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি (৭২ বছরের নিচে)। সদস্য সচিব হবেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা (৬২ বছরের নিচে)। কমিশনে সরকার ও বিরোধীদলের পাশাপাশি মানবাধিকার কর্মী, আইনজীবী ও নারী সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

কমিশনের সদস্যদের দায়িত্ব, ক্ষমতা, অপসারণ ও দায়িত্ব পালনের নিয়ম একটি আইনের মাধ্যমে নির্ধারিত হবে।

Nagad
Nagad