প্রকাশিত: ৬:১৩ অপরাহন, জুলই ২৭, ২০২৫
সারাদিন ডেস্ক
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আহতদের মধ্যে আরও দুইজনকে ছাড়পত্র দিয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এ নিয়ে মোট চারজন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করলেন।
রোববার (২৭ জুলাই) বিকেলে ইনস্টিটিউট চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।
তিনি জানান, আজ যাঁরা ছাড়পত্র পেয়েছেন, তাঁদের একজন উদ্ধারকর্মী কাজী আমজাদ সাইদ এবং অন্যজন স্কুলের নারী কর্মী সবুজা আক্তার। বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৩৪ জন, যাঁদের মধ্যে ২৮ জন শিশু ও ৬ জন প্রাপ্তবয়স্ক।
চিকিৎসাধীনদের মধ্যে চারজন আইসিইউতে আছেন, যার মধ্যে দুইজন লাইফ সাপোর্টে। এরা হলেন—১৪ বছর বয়সী আয়ান (৪০% বার্ন ও ইনহেলেশন ইনজুরি) এবং নাবিদ নেওয়াজ (৫৩% বার্ন)। এছাড়া, তিনজন মেডিকেল এইচডিইউ, ছয়জন ফিমেল এইচডিইউ, আটজন পোস্ট-অপারেটিভ ওয়ার্ড এবং বারোজন কেবিনে চিকিৎসাধীন।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, চারজন রোগী বর্তমানে সংকটাপন্ন এবং আরও নয়জনের অবস্থা গুরুতর। ইনহেলেশন ইনজুরিতে আক্রান্ত সাতজন, আর ৩০ শতাংশ বা তার বেশি বার্নে আক্রান্ত আছেন ছয়জন।
আজ নতুন করে আইসিইউতে কাউকে ভর্তি করা হয়নি, তবে কয়েকজন রোগীর অবস্থার অবনতি হয়েছে। এদের মধ্যে রয়েছেন ১৫ বছর বয়সী তাসনিয়া (৩৫% বার্ন), ১০ বছরের আবিদুর রহিম (২২% বার্ন), নাবিদ নেওয়াজ এবং সেহেল ফারাবি আয়ান।
এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা ১৭ জনেই রয়েছে। নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু রোগীর অবস্থা এখনও ঝুঁকিপূর্ণ।
চিকিৎসকরা জানান, অধিকাংশ রোগীই শিশু হওয়ায় তাদের শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক পুনর্বাসনও প্রয়োজন। সামনে রয়েছে দীর্ঘমেয়াদি চিকিৎসা, স্কিন গ্রাফটিং, ইনফেকশন নিয়ন্ত্রণ এবং ফিজিওথেরাপির মতো জটিল ধাপ।