প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২৫
সারাদিন ডেস্ক
গাজীপুরের টঙ্গীতে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই নারী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ ধরে হাঁটছিলেন। পথ চলার সময় তিনি সিটি করপোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান। আশপাশের লোকজন উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট এবং এর ভেতর পানি জমে আছে। উদ্ধারকারীরা ঘণ্টাখানেক ধরে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো উদ্ধার অভিযান চালাচ্ছেন।