Print

সারাদিন

‘বিরতির’ ঘোষণার মধ্যেই ইসরায়েলের হামলায় নিহত ৬৩ ফিলিস্তিনি

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্, জুলই ২৮, ২০২৫

সারাদিন ডেস্ক

গাজা উপত্যকায় তীব্র খাদ্য ও মানবিক সংকটের মধ্যে প্রতিদিন ১০ ঘণ্টা সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ইসরায়েল। তবে সেই ‘মানবিক বিরতির’ ঘোষণার পরও নতুন করে বিমান হামলায় অন্তত ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।

রোববার (২৭ জুলাই) ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গাজার দেইর এল-বালাহ, আল-মাওয়াসি ও গাজা সিটির কিছু অংশে তারা সাময়িকভাবে সামরিক কার্যক্রম স্থগিত রাখবে। একইসঙ্গে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ত্রাণ কনভয়ের জন্য মানবিক করিডোর খোলা রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।

তবে ‘বিরতির’ কয়েক ঘণ্টার মধ্যেই গাজা সিটিতে নতুন করে বিমান হামলা চালায় ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদক হিন্দ খোদারি জানান, ওই হামলার লক্ষ্যবস্তু ছিল একটি বেকারি—যা একটি ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষিত এলাকাতেই অবস্থিত।

স্থানীয় ফিলিস্তিনিরা জানান, ইসরায়েলি বাহিনী ‘ত্রাণের পথ খুলে দেওয়ার’ ঘোষণার আড়ালে আসলে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এর আগে আন্তর্জাতিক চাপের মুখে তেলআবিব সীমিত আকারে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেয়।

গত ২ মার্চ যুদ্ধবিরতির আলোচনা ভেঙে পড়ার পর গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে ইসরায়েল। এরপর মে মাসের শেষ দিকে মানবিক করিডোর খুলে আকাশপথে খাদ্য ও ওষুধ সরবরাহ শুরু করে তারা। কিন্তু সহিংসতা বন্ধে এ পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

Nagad
Nagad