প্রকাশিত: ১:১৯ অপরাহন, জুলই ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
রংপুরে আবু সাঈদ হত্যাকাণ্ড ও সাভারের আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে লাশ পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় মোট ১৭ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের আদালতে আনা হয়।
আবু সাঈদ হত্যা মামলা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গত বছরের ১৬ জুলাই পুলিশ গুলি করে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হচ্ছে। প্রসিকিউশন জানিয়েছে, সব আসামির বিচার শুরুর আবেদন জানানো হবে।
এর আগে গত ২২ জুলাই ট্রাইব্যুনাল-২ মামলার ২৪ আসামিকে পলাতক ঘোষণা করেন। এদের মধ্যে রয়েছেন বেরোবির সাবেক ভিসি ও রংপুরের সাবেক পুলিশ কমিশনার।
আজ ট্রাইব্যুনালে হাজির হওয়া আসামিদের মধ্যে রয়েছেন: বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা
গত বছরের জুলাই-আগস্টে চলমান ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে তাদের লাশ পুলিশ ভ্যানে করে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নিহতরা হলেন—সজল, আস সাবুর, সুজয়, বায়েজিদ, আবুল হোসেন এবং একজন অজ্ঞাত ব্যক্তি।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাদের হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালে আজ হাজির হওয়া আট আসামির সবাই গ্রেফতার অবস্থায় কারাগারে আছেন। মামলার ১১ উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন—সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক এএসপি শহিদুল ইসলাম, ডিবি পুলিশের সাবেক পরিদর্শক আরাফাত হোসেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। ট্রাইব্যুনালের তিন সদস্যের বিচারিক প্যানেলের নেতৃত্ব দেন বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী।