Print

সারাদিন

১ আগস্ট দেশের কয়েক জেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

প্রকাশিত: ১:৩০ অপরাহন, জুলই ২৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

প্রকল্প সংশ্লিষ্ট কাজের জন্য আগামী ১ আগস্ট দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) পিএলসি।

রোববার (২৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিজিসিবি জানায়, পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্রে রক্ষণাবেক্ষণ কাজের কারণে ওইদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সম্পূর্ণ শাটডাউন থাকবে।

ফলে নির্ধারিত সময়ে দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১ ও ২-এর আংশিক এলাকা, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, ঠাকুরগাঁও জেলা এবং পঞ্চগড় জেলা—এই চারটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পিজিসিবি জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।