Print

সারাদিন

আগামী ১১ দিন সারাদেশে বিশেষ সতর্কতা জারি

প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্, জুলই ২৯, ২০২৫

সারাদিন ডেস্ক

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির নেতাকর্মীরা দেশে-বিদেশে ছদ্মবেশে সক্রিয় রয়েছেন বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের গোপনে সংগঠিত হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনার আশঙ্কায় সারাদেশে আগামী ১১ দিন ‘বিশেষ সতর্কতা’ জারি করা হয়েছে।

পুলিশের বিশেষ শাখা (এসবি) জানায়, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ঘিরে দেশজুড়ে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে। এমন পরিস্থিতিতে ২৮ জুলাই দেশের সব পুলিশ ইউনিটে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

বিশেষ সতর্কতা জারির চিঠিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ সব জেলা পুলিশ সুপারের কাছে।

এসবির চিঠিতে বলা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়টিকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সময় উসকানিমূলক প্রচারণা, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হতে পারে।

এই প্রেক্ষাপটে পুলিশকে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরের আশপাশে নজরদারি এবং মোবাইল পেট্রল বাড়ানোর নির্দেশও রয়েছে। গ্রেফতারি পরোয়ানা তামিল ও সাইবার পেট্রলিং জোরদারের দিকেও জোর দেওয়া হয়েছে।

Nagad
Nagad

পুলিশ কর্মকর্তারা জানান, আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মাঠে না থাকলেও অনলাইনে ভার্চুয়াল স্কোয়াড গঠন করেছে। তারা ফেসবুক, টেলিগ্রাম, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে অস্থিরতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে।

সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে জানান, সরকারবিরোধীরা দেশ থেকে পাচার করা অর্থ ফেরত এনে রাজনৈতিক নৈরাজ্যের ষড়যন্ত্র করছে। যারা দেশ বা বিদেশে বসে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।