প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্, জুলই ২৯, ২০২৫
সারাদিন ডেস্ক
নিউইয়র্ক সিটির মিডটাউন ম্যানহাটনের একটি অফিস টাওয়ারে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে পার্ক অ্যাভিনিউর ৩৪৫ নম্বর ঠিকানার ওই টাওয়ারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গুলিবর্ষণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। টাওয়ারটিতে নিউ ইয়র্কের প্রধান আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি জাতীয় ফুটবল লীগের (NFL) সদর দপ্তরও রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে টাওয়ারের ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়। নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে ভবন ঘিরে ফেলেন এবং লোকজনকে সরিয়ে নিতে শুরু করেন। তবে কী কারণে এই হামলা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।
নিহতদের মধ্যে একজন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (NYPD) সদস্য বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাকি নিহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সম্ভাব্য সন্ত্রাসী কার্যকলাপসহ সব দিক বিবেচনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এনওয়াইপিডির মুখপাত্র।
এ ঘটনায় গোটা এলাকায় চরম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবনটিতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।