প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২৫
সারাদিন ডেস্ক
টঙ্গীতে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ফারিয়া তাসনিম জ্যোতি (২৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে শালিকচুড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় খোলা ড্রেনে পড়ে যান তিনি।
ফারিয়া তাসনিম চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার সময় ওষুধ সরবরাহের উদ্দেশ্যে টঙ্গী ইম্পেরিয়াল হাসপাতালের দিকে যাচ্ছিলেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, যে ড্রেনে জ্যোতি পড়েছিলেন, সেটির পানি সরাসরি শালিকচুড়া বিলে গিয়ে পড়ে। সকাল থেকে সেখানেই উদ্ধার অভিযান চালানো হয় এবং শেষে তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ড্রেনটির একটি অংশ দীর্ঘদিন ধরে স্লাববিহীন ছিল। এমন ব্যস্ত সড়কে সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় দুর্ঘটনাটি ঘটে। হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত জ্যোতি ড্রেনটিতে পড়ে যান এবং পানির প্রবল স্রোতে ভেসে যান।
এ ঘটনায় স্থানীয়দের ক্ষোভ প্রকাশ করে বলা হয়, বিআরটি প্রকল্প ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতাই এই মৃত্যুর জন্য দায়ী। তারা ড্রেনটি ঢাকতে কিংবা কোনো সতর্কতা চিহ্ন বসাতে ব্যর্থ হয়েছে।
নিহতার বড় ভাই শোভন জানান, বোনের মোবাইল ফোন বন্ধ থাকায় রাতভর খোঁজাখুঁজি চলে। পরদিন সকালে ঘটনাস্থলে গিয়ে তার ব্যবহৃত জুতা দেখতে পেয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হন।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ী সমাধান দাবি করেছেন।