Print

সারাদিন

রংপুরে হিন্দু পাড়ায় হামলা: ২২ পরিবারের পাশে প্রশাসন, বাড়ি মেরামত শুরু

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২৫

রংপুর সংবাদদাতা:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর বালাপাড়ায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় প্রশাসন ও পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ঘরবাড়ি মেরামতের কাজ আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

সোমবার (২৮ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি জানান, হামলায় ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার ইতোমধ্যেই নিজ ঘরে ফিরে এসেছে। তবে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবারের তিনটি পরিবার এখনও পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর সংস্কার কাজ শুরু হয়েছে। আমরা এসব পরিবারের পাশে আছি এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করেছি।

রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইম জানিয়েছেন, হামলায় ১২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ২২টি পরিবার বসবাস করত। বর্তমানে অধিকাংশ পুরুষ সদস্য নিজ বাড়িতে থাকলেও, কিছু নারী সদস্য সাময়িকভাবে নিরাপদ স্থানে রয়েছেন।

তিনি আরও জানান, হামলার ঘটনায় দোষীদের চিহ্নিত করা হচ্ছে। যারা এই সহিংসতায় অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় এলাকা শান্ত রয়েছে।

এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে একাত্ম হয়ে এলাকা স্বাভাবিক করতে কাজ করছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত ঘরবাড়ির সংস্কার সম্পন্ন হলে সব পরিবারই নিজ গৃহে ফিরতে পারবেন।

Nagad
Nagad