প্রকাশিত: ৪:৫৬ অপরাহন, জুলই ২৯, ২০২৫
সারাদিন ডেস্ক
২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ভাষা আন্দোলনসহ বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদকের জন্য মনোনয়ন পাঠাতে বলা হয়েছে আগামী ৩০ অক্টোবরের মধ্যে।
মঙ্গলবার (২৯ জুলাই) তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে জানানো হয়, একুশে পদক প্রদান সংক্রান্ত নীতিমালা অনুযায়ী ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদানের জন্য ব্যক্তি (জীবিত বা মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে পদক দেওয়া হবে।
এই লক্ষ্যে সকল মন্ত্রণালয় ও বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং স্বাধীনতা ও একুশে পদকে ভূষিত বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মনোনয়ন প্রস্তাব পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য, নীতিমালা এবং মনোনয়ন ফরম সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.moca.gov.bd) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।