Print

সারাদিন

ভালো ফল করার পর বাবা-মা-শিক্ষককে ফুল কিনে দিও: শিক্ষা উপদেষ্টা

প্রকাশিত: ৬:৪৯ অপরাহন, জুলই ২৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ফুল উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বলেন, ভালো ফলাফলের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অনেক পরিশ্রম রয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে একটি ফুল উপহার দিলেও তা হবে ভালোবাসার বড় প্রতীক।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানটি আয়োজন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায়।

ড. আবরার বলেন, ছাত্র-ছাত্রী ও শিক্ষক আমাদের বড় অংশীজন। রাষ্ট্রের সীমিত সম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার করে শিক্ষাব্যবস্থায় উন্নতি আনতে হবে। রাষ্ট্রের উন্নয়নে নাগরিকদেরও সক্রিয় অংশগ্রহণ জরুরি।

তিনি আরও বলেন, দেশে কয়েকটি নামি স্কুলে ভর্তি হতে অভিভাবকদের মধ্যে যে প্রতিযোগিতা তৈরি হয়, তা দূর করতে হবে। আমাদের এমন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যেখানে সব শ্রেণি-পেশার মানুষ আস্থা রাখতে পারে।

শিক্ষা উপদেষ্টা জানান, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে যাতে প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, চরাঞ্চল, উর্দুভাষী ক্যাম্পবাসী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি হয়।

Nagad
Nagad

কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ড. আবরার বলেন, আমাদের দেশের অভিভাবকরা এখনও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেন না। অথচ চাকরির বাজারে এর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। তাই শিক্ষায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম. খবিরুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্বে থাকা মো. মজিবর রহমান প্রমুখ।