Print

সারাদিন

মোবারক হোসেনের মৃত্যুদণ্ড বাতিল, আপিলে খালাস আ.লীগ নেতা

প্রকাশিত: ১:০৩ অপরাহন, জুলই ৩০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২০১৪ সালের দেওয়া রায় বাতিল করে দেন আদালত।

এর আগে ২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হওয়ায় ১ নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং ৩ নম্বর অভিযোগে যাবজ্জীবন দেন ট্রাইব্যুনাল।

১ নম্বর অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে আখাউড়ার টান মান্দাইল গ্রামে ৩৩ জন নিরীহ মানুষকে গঙ্গাসাগর দীঘির পাড়ে গুলি করে হত্যার নেতৃত্ব দেন মোবারক। ৩ নম্বর অভিযোগে মুক্তিযোদ্ধাদের সহযোগী আব্দুল খালেককে অপহরণ করে হত্যার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন মোবারক হোসেন। দীর্ঘ অপেক্ষার পর চলতি বছরের ৮ জুলাই থেকে শুনানি শুরু হয়, যার চূড়ান্ত রায় আজ দেওয়া হলো।

ট্রাইব্যুনাল সূত্র অনুযায়ী, মুক্তিযুদ্ধের সময় মোবারক হোসেন জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ইউনিয়ন পর্যায়ে ‘রুকন’ পদে দায়িত্ব পালন করেন। পরে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং আখাউড়া উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসীন হন।

Nagad
Nagad