Print

সারাদিন

এনসিপির অনুরোধে শহীদ মিনার ছেড়ে শাহবাগে ছাত্রদল, ধন্যবাদ দিলেন সারজিস

প্রকাশিত: ১:২০ অপরাহন, জুলই ৩০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে পূর্বঘোষিত শহীদ মিনারের পরিবর্তে ৩ আগস্ট শাহবাগে সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (৩০ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের ঘোষণা আমরা জুন মাসে দিয়েছিলাম। কিন্তু একই স্থানে এনসিপিও সমাবেশের ঘোষণা দেয়। সংঘর্ষের আশঙ্কা না থাকলেও আমরা কোনো ধরনের ফাঁদে পা দিতে চাই না। তাই বিকল্প স্থান হিসেবে শাহবাগে সমাবেশ করব।

ছাত্রদল সভাপতি বলেন, এ ধরনের একটি কর্মসূচি ঘোষণা করার পর, সব প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোনো স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য কাজ। কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যেন কোনো জনভোগান্তি তৈরি না হয়, সমাবেশটি শহীদ মিনারে করতে চাওয়ার এটিও ছিল একটি অন্যতম কারণ। তাছাড়া আমরাই যেহেতু কর্মসূচিটি প্রথমে ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি, তাই ওই স্থানে সমাবেশ করার আমরাই একমাত্র বৈধ দাবিদার। তারপরও একটি উদার, গণতান্ত্রিক, সহাবস্থানে বিশ্বাসী, পরমতসহিষ্ণু, গ্রহণযোগ্য সব মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসেবে আমরা জাতীয় নাগরিক পার্টির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র-সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

তিনি বলেন, আমাদের ৩ আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে। একান্তই উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসেবে এই স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনো ধরনের ভোগান্তি তৈরি হয়, এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করছি। আশা করছি তারা এই দিনটির তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনের উদারতাকে অবশ্যই বিবেচনায় রাখবেন।

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ডাকসু ও হল সংসদ নিয়ে দেওয়া ৪০ দফা সুপারিশের মধ্যে মাত্র ৩-৪টি গ্রহণযোগ্য হয়েছে। তারপরও তফসিল ঘোষণাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি।

Nagad
Nagad

ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি শহীদ মিনার থেকে সরিয়ে শাহবাগ মোড়ে করার সিদ্ধান্ত নেওয়ায় ধন্যবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (৩০ জুলাই) দুপুরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুক পোস্টে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি লেখেন, আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

সারজিস লেখেন, আমরা বিশ্বাস করি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়ে এভাবেই আগামীর বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের উত্তরণ ঘটবে।