প্রকাশিত: ২:০২ অপরাহন, জুলই ৩০, ২০২৫
সিলেট সংবাদদাতা:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল মিয়া হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩০ জুলাই) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। এছাড়া আরও ১৭ জন আসামিকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার মোট আসামির সংখ্যা ৩২ জন, এর মধ্যে একজন পলাতক।
ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন: সাইফুল, নজরুল, সদরুল, সিরাজ, জামাল, শাহিন, আব্দুল জলিল ও আনোয়ার। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, ইলিয়াছ, আব্দুন নুর, জয়নাল, আশিক, আছকির, ফরিদ ও আকবর।
২০২১ সালের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামে জমির মাটি কাটা নিয়ে বিরোধের জেরে ১০ম শ্রেণির ছাত্র সুমেল মিয়াকে গুলি করে হত্যা করা হয়। যুক্তরাজ্যপ্রবাসী সাইফুল আলম প্রতিবেশী নজির উদ্দিনের জমি থেকে জোর করে মাটি তুলতে চাইলে বাধা দেন নজির, তার ভাই মানিক মিয়া এবং ভাতিজা সুমেল। একপর্যায়ে সাইফুল গুলি চালালে ঘটনাস্থলেই মারা যায় সুমেল। আহত হন তার বাবা ও চাচাসহ আরও তিনজন।
পরদিন নিহতের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ৩২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
মামলার দীর্ঘ শুনানি শেষে ২৩ জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত আজ এই রায় দেন। প্রধান আসামি সাইফুল প্রায় সাড়ে তিন বছর ধরে কারাগারে আছেন।