প্রকাশিত: ৩:১৫ অপরাহন, জুলই ৩০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সমন্বয়ক আবদুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির ডেপুটি কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।
তিনি বলেন, রিয়াদ বর্তমানে রিমান্ডে আছে। তার বাসা থেকে বড় অঙ্কের চেক উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এর আগে গত ২৬ জুলাই গুলশানের ৮৩ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। ফ্ল্যাটটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বলে জানা গেছে।
গ্রেপ্তার অন্যরা হলেন— ঢাকাসিটি ইউনিটের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না (২৪), সদস্য সাকাদাউন সিয়াম (২২), সাদাব (২১)। তাদের সবাইকে বহিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ডিএমপির মুখপাত্র আরও জানান, চাঁদা দাবির অভিযোগে দায়ের হওয়া মামলার জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই চেকগুলো জব্দ করা হয়। এ ঘটনায় কলাবাগান থানায় নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গত ২৭ জুলাই বিকেলে রিয়াদ ও অন্যান্য আসামিদের আদালতে হাজির করা হয়। পুলিশ তাদের ১০ দিনের রিমান্ড চাইলেও আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।