Print

সারাদিন

অভিজিৎ হত্যা: যাবজ্জীবনপ্রাপ্ত ফারাবী হাইকোর্টে জামিনে মুক্ত

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্, জুলই ৩১, ২০২৫

সারাদিন ডেস্ক

ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩০ জুলাই) বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ফারাবীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।

আদালতে বলা হয়, মামলার চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ফারাবীর নাম নেই। তদন্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো সাক্ষীও তার নাম উল্লেখ করেননি। তিনি নিজেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। ২০১৫ সালের ৩ মার্চ থেকে তিনি কারাবন্দি রয়েছেন। এসব যুক্তি তুলে ধরে জামিন আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কুপিয়ে হত্যা করা হয় যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে। ওই মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

ফারাবী পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।

Nagad
Nagad