Print

সারাদিন

কারিগরি যাচাইয়ে কমিটি, চালু হচ্ছে লালমনিরহাট বিমানবন্দর

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্, জুলই ৩১, ২০২৫

সারাদিন ডেস্ক

দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর লালমনিরহাট বিমানবন্দর ফের চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটি বিমানবন্দরের কারিগরি সম্ভাব্যতা, প্রয়োজনীয় অবকাঠামো এবং যন্ত্রপাতি স্থাপনের উপযুক্ত স্থান চিহ্নিত করবে।

রানওয়ে, টার্মিনাল, কন্ট্রোল টাওয়ার, কার্গো ভবনসহ অন্যান্য কাঠামো নির্মাণ ও সংস্কারের প্রস্তাব প্রস্তুতের পাশাপাশি জমি ব্যবস্থাপনার বিষয়ও দেখা হবে। বর্তমানে বিমানবন্দরের অধিকাংশ অবকাঠামো অক্ষত থাকায় পুনঃচালুতে বড় ধরনের ভূমি অধিগ্রহণ প্রয়োজন হবে না। খবর আমাদের সময়ের।

১৯৩১ সালে নির্মিত এ বিমানবন্দর একসময় দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ছিল। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার সঙ্গে বাণিজ্য ও পর্যটনের প্রবৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বেবিচক জানিয়েছে, এ প্রকল্পে জমির মালিকানা হস্তান্তর ও আদালতের মাধ্যমে স্বত্ব নিশ্চিত করার প্রক্রিয়াও বিবেচনায় রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিমানবন্দরটি চালু হলে উত্তরবঙ্গের যোগাযোগ, অর্থনীতি ও আঞ্চলিক বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

Nagad
Nagad