Print

সারাদিন

নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক, রেপো হার ১০ শতাংশে অপরিবর্তিত

প্রকাশিত: ৫:২৩ অপরাহন, জুলই ৩১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে প্রধান নীতি সুদহার (রেপো) অপরিবর্তিত রেখেই ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুদ্রানীতির ঘোষণা দেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর, নীতিনির্ধারক, পরামর্শক, প্রধান অর্থনীতিবিদ, গবেষণা বিভাগের পরিচালক এবং ব্যাংকের মুখপাত্ররা।

গভর্নর বলেন, যতক্ষণ না মূল্যস্ফীতির হার ৭ শতাংশের নিচে স্থায়ীভাবে নামে, ততদিন রেপো হার ১০ শতাংশেই থাকবে। তিনি আরও জানান, স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির হার ১১ দশমিক ৫০ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির হার ৮ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, জুন মাসে দেশের মূল্যস্ফীতি কমে ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসেছে। তবে একই সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৬ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে।

এই প্রেক্ষাপটে ব্যবসায়ীরা সুদের হার কমিয়ে বিনিয়োগে উৎসাহ দেওয়ার আহ্বান জানালেও, বাংলাদেশ ব্যাংক রেপো হার অপরিবর্তিত রেখেছে। গভর্নর মনসুর বলেন, মূল্যস্ফীতি যতদিন না কাঙ্ক্ষিত মাত্রায় নেমে আসছে, ততদিন মুদ্রানীতিতে কড়াকড়ি অব্যাহত থাকবে।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫০ শতাংশে এবং জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Nagad
Nagad

বাংলাদেশ ব্যাংক সর্বশেষ ২০২৪ সালের ২২ অক্টোবর রেপো হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করে। রেপোর মাধ্যমে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সরকারি সিকিউরিটিজের বিপরীতে স্বল্পমেয়াদে ঋণ গ্রহণ করে। এছাড়া, গত ১৫ জুলাই স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির হার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী মাসগুলোতে অর্থনৈতিক চাপ পর্যবেক্ষণ করে প্রয়োজনে নীতিগত পরিবর্তন আনা হতে পারে।