প্রকাশিত: ৮:৩৪ অপরাহন, জুলই ৩১, ২০২৫
সারাদিন ডেস্ক
ঢাকার গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাড্ডার বাসা থেকে আরও ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি বলেন, “রিমান্ডে রিয়াদের একাধিক বাসার তথ্য পাওয়া যাচ্ছে। তার দেওয়া তথ্য অনুযায়ী বাড্ডার একটি বাসায় অভিযান চালিয়ে সেখান থেকে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।”
এর আগে, গত ২৯ জুলাই গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির চেষ্টার সময় রিয়াদসহ পাঁচজনকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে নাখালপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়।
ঘটনার পর ওই রাতেই তিনজনকে বহিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মামলায় চারজনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। এ ঘটনায় সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। পরে সংগঠনটি কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশে সব কমিটি স্থগিত ঘোষণা করে।
চাঁদাবাজির ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তদন্তের মাধ্যমে বিষয়টির পূর্ণাঙ্গ চিত্র প্রকাশের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।