Print

সারাদিন

জুলাই বিপ্লব নিয়ে এনসিপি নেতাকে শিবির নেতার চ্যালেঞ্জ

প্রকাশিত: ৮:৫০ অপরাহন, জুলই ৩১, ২০২৫

সারাদিন ডেস্ক

জুলাই বিপ্লব নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে চ্যালেঞ্জ ছুড়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি বলেন, জুলাই বিপ্লবের যদি কোনো মাস্টারমাইন্ড থাকে, যদি কোনো নায়ক থাকে—তাহলে তারা আমাদের শহীদ ও গাজী ভাইয়েরা। তাঁদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ এসেছে।

সাদিক কায়েম আরও বলেন, জুলাই বিপ্লব ছিল আপামর জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। সব মতের মানুষ একটি কমন লক্ষ্য নিয়ে—ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে—একত্রিত হয়েছিল। কোনো ‘সমন্বয়ক’ পরিচয়ে আমি কোথাও গিয়ে কিছু দখল করেছি—এমন প্রমাণ কেউ দিতে পারবে না।

তিনি জানান, ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত মূল সমন্বয়কারীরা অনুপস্থিত থাকায় তিনি বিকল্প ভূমিকা পালন করেছেন। কারফিউ, ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে নয় দফা ফরমেশন, মিডিয়াতে বার্তা পৌঁছানো, সেফ হাউজের ব্যবস্থা করা—এসব কাজে আমি সম্পৃক্ত ছিলাম।

এছাড়াও তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর অনেকে মহাবিপ্লবীর ভূমিকায় নামলেও ওই সংকটকালে কেউ আত্মগোপনে ছিলেন, কেউ আবার আন্দোলন ম্যানেজ করে ক্যাম্পাস খোলার দাবিতে ব্যস্ত ছিলেন।

আবু সাদিক কায়েম বলেন, আমি চ্যালেঞ্জ করছি—কারও কাছ থেকে এক পয়সাও নেইনি। যারা ‘জুলাই বিপ্লব’ নিয়ে চাঁদাবাজি করছে, কোরামবাজি করছে, রাজনীতি করছে—তারা শহীদদের স্বপ্ন ও ত্যাগকে অপমান করছে।

Nagad
Nagad

তিনি আরও জানান, আন্দোলনের সফলতার পরেও বিভাজনের রাজনীতি করা, দায় চাপানো এবং মিথ্যা প্রচার চালানো জাতীয় ঐক্যের জন্য হুমকি। “জুলাইকে পকেটবন্দী করা যাবে না,”—বলেই সতর্ক করেন তিনি।