প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৫
সারাদিন ডেস্ক
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে এই শুল্কহার ঘোষণা করা হয়। নতুন হারটি কার্যকর হবে আগামী ৭ আগস্ট থেকে।
এর আগে বাংলাদেশকে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই হিসেবে এবার ১৫ শতাংশ শুল্ক হ্রাস করা হলো।
হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত আদেশে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশের ওপরও নতুন করে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ করে, মিয়ানমারের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ এবং তুরস্কের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
এর আগে গত ২ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ববাজারে বাণিজ্য ঘাটতি কমাতে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। তখন বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছিল। যদিও ৯ এপ্রিল সেই আদেশ তিন মাসের জন্য স্থগিত রাখা হয় এবং আলোচনার সুযোগ সৃষ্টি করা হয়।
ততপরবর্তী সময়ে গত ৯ জুলাই ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে জানান, বাংলাদেশের ওপর শুল্ক কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। তবে সাম্প্রতিক নির্বাহী আদেশে সেটিকে আরও হ্রাস করে ২০ শতাংশে নামিয়ে আনা হলো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যে পণ্যগুলো ৭ আগস্টের আগেই জাহাজে লোড হয়ে গেছে, সেগুলোর ক্ষেত্রে আগের শুল্কহারই প্রযোজ্য হবে। তবে যদি কোনো পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অন্য দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, তবে সেটির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি অন্যান্য আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।