Print

সারাদিন

প্রশাসনে ফ্যাসিস্টের দোসররা ঘাপটি মেরে আছে: গোলাম পরওয়ার

প্রকাশিত: ২:৪৮ অপরাহন, গাস্ট ১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, প্রশাসনে এখনো ফ্যাসিস্ট শাসনের দোসররা সক্রিয়ভাবে অবস্থান করছে। তারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার (১ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, জুলাই অভ্যুত্থানে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের অধিকাংশই এখনও ধরা পড়েনি। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত।

তিনি বলেন, রাষ্ট্রে দলীয়করণমুক্ত, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ভারসাম্যপূর্ণ কাঠামো গঠন জরুরি, যেখানে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

জামায়াত নেতার মতে, রাজনৈতিক সংস্কারের পাশাপাশি ভিন্নমতের প্রতি সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশ তৈরি করাও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জুলাইয়ের অর্জনকে ধরে রাখতে রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন। একই সঙ্গে ‘জুলাই সনদ ও ঘোষণা’ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

Nagad
Nagad

তিনি আরও বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা এখন সময়ের দাবি।